রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় প্রেস লেখা একটি নোহা মাইক্রোবাস, ভিডিও ক্যামেরা, টেলিভিশনের বুম ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কদমতলী থানার মাতুয়াইলের মুক্তি সরণি পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার থেকে আসা প্রেস লেখা মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কোন টেলিভিশনে কাজ করেন, সে বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। গাড়িতে মাদক আছে কি না জানতে চাইলে তিনি স্টিয়ারিংয়ের পাশের একটি বাক্সে রাখা শপিং ব্যাগে ইয়াবা থাকার কথা জানান।
পরে নিরপেক্ষ দুই সাক্ষীর উপস্থিতিতে ব্যাগ থেকে ২১টি প্যাকেটে রাখা ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরা প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার ওজন ৫২০ গ্রাম।
অভিযানে সাদা রঙের নোহা মাইক্রোবাস, স্ট্যান্ডসহ একটি প্যানাসনিক ভিডিও ক্যামেরা, ‘এশিয়ান টিভি-সরেজমিন’ লেখা দুটি বুম এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হোসাইন শরীফ আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও ক্যামেরা, বুম, ভিজিটিং কার্ড ও গাড়িতে প্রেস লেখা ব্যবহার করে তিনি মাদক ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদমতলী থানায় মামলা করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন