ভারতের অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ইয়ানাম উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
বুধবার (২৮ অক্টোবর) ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন ঘণ্টায় ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। শুরুতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও পরে এর গতিপথ উত্তর-উত্তর-পশ্চিম দিকে পরিবর্তিত হতে পারে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি স্থলভাগে প্রবেশ করতে শুরু করায় উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় ২ হাজার ১৯৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উদ্ধার ও সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বয়স্ক, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।
এ ছাড়া উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

মন্তব্য করুন