চট্টগ্রামের রাউজানে পিস্তল ঠেকিয়ে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অটোরিকশার গতিরোধ করে টাকাভর্তি ব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামসুন নাহার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা এবং এক প্রবাসীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন শামসুন নাহার। পথে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা আট থেকে ১০ জনের একটি দল তাদের পথরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ বলে হুমকি দেয়। পরে টাকাভর্তি ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।