পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।
তিনি বলেন, মৃত্যুর পর একজন মানুষের মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছিল। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এমন আচরণ পছন্দ করেননি।
তথ্য উপদেষ্টা বলেন, মৃত্যুর পর একজন মানুষের বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। এসব কাজের জন্য তাঁরা মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।
চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, এসব ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে অপরাধের প্রবণতা কমে আসবে। রাষ্ট্রের আইন লঙ্ঘন করে কেউ এ ধরনের কর্মকাণ্ড চালাতে পারবে না, সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলে এসব ঘটনা স্বাভাবিকভাবেই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, ভবিষ্যতেও হবে না।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আলোচনার সময় সংশ্লিষ্ট বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছিল।
জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় বাংলাদেশ মেনে নিয়েছে—এমনভাবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

মন্তব্য করুন