ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত নারীর স্বামীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমি বেগম (৩২) ও তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন। আহতদের মধ্যে রয়েছেন সুমির স্বামী পলাশ (৩৮)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে বালুবোঝাই একটি ট্রাক কানাইপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাকের একটি চাকা বিস্ফোরিত হয়ে সেটি মহাসড়কের ওপর উল্টে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইক ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে প্রাইভেটকারটির একাংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকটি বালু ও ট্রাকের নিচে আটকে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক থেকে আহত তিনজন এবং প্রাইভেটকার থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক সুমি বেগম ও তাঁর ছেলে শাওনকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন