নিজের মুখ ও অবয়ব ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। তাঁর সম্মতি ছাড়া এ ধরনের কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা এ সতর্কবার্তা দেন।

পোস্টে অভিনেত্রী বলেন, তাঁর অনুমতি ছাড়া যারা এআই ব্যবহার করে ছবি বা ভিডিও তৈরি করছেন, তাঁদের অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ইতিমধ্যে প্রকাশিত এ ধরনের কনটেন্টও সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।

নেহা আরও জানান, তাঁর পরিচয় ব্যবহার করে নতুন করে কোনো এআই-নির্মিত ছবি বা ভিডিও তৈরি, সম্পাদনা কিংবা ছড়িয়ে দেওয়া যাবে না। তাঁর মুখাবয়ব ব্যবহার করে তাঁকে ভুলভাবে উপস্থাপন করা বা সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, তাঁর মুখ বা অবয়বের অননুমোদিত ব্যবহার তিনি মেনে নেবেন না। যারা এ ধরনের কনটেন্ট তৈরি, প্রকাশ বা প্রচারের সঙ্গে যুক্ত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেহা আরও সতর্ক করে বলেন, ভুয়া অ্যাকাউন্টের আড়ালে থাকা কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করার কারণে কেউ দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারবেন—এমনটি ভাবার সুযোগ নেই।

পোস্টের শেষে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে এসব কনটেন্ট সরিয়ে ফেলার আহ্বান জানান।

বিশ্বজুড়ে তারকাদের ছবি ও পরিচয় ব্যবহার করে ডিপফেক এবং এআই-নির্মিত বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে নেহা শর্মার এই অবস্থান সামনে এলো।