হরমুজ প্রণালি অতিক্রমের সময় সামুদ্রিক মাইনের আঘাতে ২০ লাখেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে আইআরজিসি জানায়, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাংকারটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করা হয়েছে।
আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি নিজেদের পরিচয় গোপন করতে ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল বলেও দাবি করেছে বাহিনীটি।
এ ঘটনায় ট্যাংকারটির নাম, সংশ্লিষ্ট দেশের পরিচয়, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরানের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও পাওয়া যায়নি।
এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করেছে, ইরানের বিধিনিষেধ উপেক্ষা করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এমন ঘটনার খবর আন্তর্জাতিক তেল সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

মন্তব্য করুন