বরিশালের বাকেরগঞ্জে জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল মোল্লা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বায়জিদ (২৫), মো. রনি হাওলাদার (২৬) ও মো. ফজলে রাব্বি (২৪)। তাঁরা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় গত ৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন ভুক্তভোগী সাব্বির খান (২৪)। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন সাব্বির। একপর্যায়ে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করেন তিনি। এ সময় রনি হাওলাদার তাঁকে জানান, আবু তালহা নামের এক ধর্মীয় ব্যক্তি জিনের মাধ্যমে যেকোনো অসুস্থতা সারিয়ে তুলতে পারেন।

সুস্থ হওয়ার আশায় সাব্বির রাজি হলে গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি মুঠোফোন নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা নাজমুল মোল্লা জানান, মামলা হওয়ার পর সংশ্লিষ্ট মুঠোফোন নম্বরের নিবন্ধন-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ বাজার থেকে বায়জিদকে এবং কাছিয়া এলাকা থেকে রনি হাওলাদার ও ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।