মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘অপস মেগা’ নামে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কেদাহ রাজ্য শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিবাসন বিভাগের ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় মোট ৬৯৭ জন বিদেশি ও মালয়েশীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। পরে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীনের ৩৯৬ জন, বাংলাদেশের ১৯৯ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের সাতজন, ভারতের পাঁচজন, ঘানার চারজন, নাইজেরিয়ার তিনজন, কেনিয়ার দুজন, ইন্দোনেশিয়ার দুজন এবং নিউজিল্যান্ড ও সেনেগালের একজন করে নাগরিক রয়েছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তদন্তের প্রয়োজনে সাক্ষীদের সহায়তা নিতে ছয়টি সমনও জারি করা হয়েছে।
অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ নির্মাণাধীন ভবনের ঝুঁকিপূর্ণ স্থানে ও ছাদে আশ্রয় নেন। এ সময় কয়েকজনের আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে ভারী বৃষ্টি, পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি, অসম্পূর্ণ ভবন এবং ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর কারণে অভিযান পরিচালনায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা ও ঠিকাদারদের বিদেশি কর্মীদের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত কর্মপরমিট নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দেশটির অভিবাসন আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিভাগটি।

মন্তব্য করুন