আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা ব্যক্তিগতভাবে দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, গুরুতর ফৌজদারি অপরাধের বিচার নিশ্চিত না করে পুনর্মিলনের আলোচনা হতে পারে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের আলোচনা করতে হলে প্রথমে গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। দলটির পক্ষ থেকে অপরাধের দায় স্বীকার ও অনুতাপ প্রকাশের পরিবর্তে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

উপদেষ্টার মতে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের বিষয়টি নিয়ে আলোচনা হলেও গত দুই বছরে দলটির বক্তব্য ও কর্মকাণ্ড সেই সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। দায় স্বীকার ও ক্ষমা চাওয়ার উদ্যোগও দলটির পক্ষ থেকে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ দায় স্বীকার করে ক্ষমা চাইলেও তাতে স্বয়ংক্রিয়ভাবে পুনর্মিলনের আলোচনা শুরু হবে না। বরং তখন পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব কি না, সেটি বিবেচনার সুযোগ তৈরি হতে পারে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম চালানোর ভবিষ্যৎ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে কি না, সে বিষয়টিও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।