হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ারের সাবেক স্ত্রী জেনিফার মেয়ার নতুন করে সংসার শুরু করেছেন। আর সেই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা নিজেই। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। বিয়ের আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
জিয়োফ্রি নাইজেরীয় ধনকুবের আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। বিয়ের অনুষ্ঠানে হলিউডের বেশ কয়েকজন পরিচিত তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও, কোর্টনি কক্স, র্যাচেল জো এবং জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।
টোবি ম্যাগুয়ার ও জেনিফারের পরিচয় ২০০৭ সালে। প্রায় নয় বছর পর, ২০১৬ সালের অক্টোবরে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। পরে ২০২০ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁদের দুই সন্তান রয়েছে।
২০২৩ সালে জিয়োফ্রির সঙ্গে জেনিফারের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। পরের বছর আগস্টে বাগ্দানের খবর জানান তিনি। এরপর তাঁদের জীবনে আসে নতুন অধ্যায়।
সাবেক স্ত্রীর বিয়েতে টোবির এমন ভূমিকা বিনোদনজগতে কৌতূহল তৈরি করেছে। বিচ্ছেদের পরও গুরুত্বপূর্ণ দিনে সাবেক সঙ্গীর পাশে থাকার এই ঘটনা নজর কেড়েছে ভক্তদের।

মন্তব্য করুন