পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা উল্টে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১১৬ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১১ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, গত বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বেঁচে ফেরা যাত্রীদের বরাতে সংস্থাটি জানায়, জিবুতির পূর্ব উপকূলের গুহের এলাকার কাছে নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলটি এডেন উপসাগর ও বাব এল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত।

নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিল। এতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৮০ জন প্রাণে বেঁচে গেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বহু মানুষ উন্নত জীবিকা ও কাজের সন্ধানে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রী বহন এবং বিপজ্জনক সমুদ্রপথে যাত্রার কারণে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতের কারণে দেশটির পরিস্থিতিও অভিবাসনপ্রত্যাশীদের জন্য জটিল হয়ে উঠেছে। তা সত্ত্বেও জীবিকার সন্ধানে অনেকে এ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন।