দেশের বিমানবহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ দেশে আসতে শুরু করবে এবং ২০৩৬-৩৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নগরের সারিন্দা সবারি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিমানবহর সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রশ্নের বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন দেশের আকাশপথের যোগাযোগ সচল রাখতে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে।
তিনি বলেন, ‘আমি চাই এই দেশে বিমান থাকবে ২০০টির বেশি।’ দেশের তরুণ প্রজন্ম যেন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে পারে, সে জন্য বিমানবহর সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, কানাডা, নিউইয়র্ক, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়ানো দরকার। এতে আন্তর্জাতিক যোগাযোগের পাশাপাশি পর্যটন খাতেরও বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণের দাবি জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।
জবাবে বিমানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ঢাকার বর্তমান বিমানবন্দরের পক্ষে ক্রমবর্ধমান চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। তাই বড় একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। ত্রিশালে বিমানবন্দর প্রতিষ্ঠার বিষয়ে তাঁরও পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের অবকাঠামো নির্মাণে সময় ও যথাযথ পরিকল্পনা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ময়মনসিংহে শিশুপার্ক স্থাপন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান মন্ত্রী। শিশুপার্কের ভিত্তিপ্রস্তর ঈদের আগে স্থাপনের চেষ্টা করবেন বলে জানান তিনি। ইঞ্জিনিয়ারিং কলেজের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথাও বলেন।
মন্ত্রী নেত্রকোনার বিরিশিরিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানান। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন