সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ এ অবস্থান জানান।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনী ও আরব যৌথ সামরিক জোটের দক্ষতা এবং তৎপরতার প্রশংসাও করেন তিনি।
শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং সংশ্লিষ্ট চুক্তির ধারাবাহিকতায় সৌদি আরবের পাশে থাকবে ইসলামাবাদ।
তিনি আরও বলেন, নিজেদের জনগণ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলোর সুরক্ষায় সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।
একই সঙ্গে হুতি বিদ্রোহীদের অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান তিনি। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান সব পরিস্থিতিতে দেশটির পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন শেহবাজ শরিফ।

মন্তব্য করুন