সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবাকেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানিয়েছে, একই দিনে রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, এসব হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের ওপর হামলা জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।