বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত সরকারের সহযোগীরা বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডেও জড়িত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা যেন তৈরি হতে না পারে, সেদিকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আগে থেকেই সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন, যাতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য আগে যে অর্থ নেওয়া হতো, বর্তমানে তা বিনামূল্যে করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। এ সরকার কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।