এশিয়ার ক্রেতাদের জন্য নভেম্বরের অপরিশোধিত তেলের দামে বড় ধরনের ছাড় দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার বাজারে প্রধান গ্রেডের তেলের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে।
সৌদি আরামকোর মূল্য নির্ধারণের নথি অনুযায়ী, নভেম্বরের জন্য এশিয়ার বাজারে আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে প্রতি ব্যারেলে ৫ ডলার কম নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই ছাড় ছিল ২ ডলার। অর্থাৎ এক মাসে ছাড় বেড়েছে ৩ ডলার।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর এশিয়ার জন্য সৌদি তেলের এটিই সবচেয়ে বড় মূল্যছাড়। শুধু আরব লাইট নয়, আরব মিডিয়াম ও আরব হেভি তেলের দামও এশীয় ক্রেতাদের জন্য ব্যারেলপ্রতি ৫ ডলার কমানো হয়েছে।
আগে ধারণা করা হয়েছিল, মধ্যপ্রাচ্যের অন্যান্য বেঞ্চমার্ক তেলের দাম বাড়ায় নভেম্বরের জন্য সৌদি তেলের দামও বাড়তে পারে। তবে সেই পূর্বাভাসের বিপরীতে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরামকো।
এশিয়ার কয়েকটি শোধনাগার সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহন ব্যয় ব্যাপক বেড়েছে। ফলে ক্রেতাদের ওপর বাড়তি চাপ কমাতেই তেলের দামে এই ছাড় দেওয়া হতে পারে।
তবে এশিয়ার বিপরীতে উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে নভেম্বরের জন্য সব ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়িয়েছে সৌদি আরামকো। যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য দাম অপরিবর্তিত রাখা হয়েছে।



মন্তব্য করুন