মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত কার্যক্রমে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অভিযান ও নিয়মিত কার্যক্রমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ৩৭৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৬৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৪৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেনসিডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ এবং দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং মাদকসংক্রান্ত ৩০টি মামলা করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের নিয়মিত ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।