টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘ সংগ্রাম ও রক্তপাতের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ পরিহারের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে টেকসই করতে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শও দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করায় বিজেসির উদ্যোগের প্রশংসা করেন এবং সাংবাদিকদের আয় বৃদ্ধির জন্য কর্মসূচি নেওয়ার পরামর্শ দেন।

সাক্ষাতে বিজেসির নেতারা সংগঠনের প্রশিক্ষণ, স্বাস্থ্য সহায়তা, বীমাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি এসব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।