বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদীয় আসন শূন্য হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার কার্যালয়ে এসে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।
স্পিকার বলেন, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার পরই আসনটি শূন্য হয়ে গেছে। এখন প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পদত্যাগপত্র নির্বাচন কমিশনে পাঠানো হবে। জাতীয় সংসদ সচিবালয়ও পরে মিষ্টির পদত্যাগের পর সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ১ অক্টোবর থেকেই আসনটি শূন্য হয়েছে এবং শূন্য আসন পূরণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ক্ষেত্রে কারণ উল্লেখ করা বাধ্যতামূলক নয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তার সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়।

মন্তব্য করুন