বড় ধরনের ভূমিকম্প হলে একসঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাতে হতে পারে। এমন পরিস্থিতিতে কোনো ফায়ার স্টেশন বা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হলেও যাতে উদ্ধার তৎপরতা থেমে না যায়, সে লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সংস্থাটি ঢাকা ও আশপাশের ৪১টি পয়েন্টে উদ্ধার সরঞ্জাম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পূর্বাচলে ৫০ থেকে ৬০ সদস্যের একটি বিশেষ রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। বিভাগীয় শহরগুলোতেও গঠন করা হয়েছে ২০ সদস্যের বিশেষ রেসকিউ টিম। ঢাকার দুর্যোগ মোকাবিলায় সহায়তার জন্য দেশের বিভিন্ন এলাকার ১০০টি ফায়ার স্টেশনকেও প্রস্তুত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, বড় ভূমিকম্পে একই সময়ে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন হতে পারে। এ কারণে জনবল, সরঞ্জাম ও কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভূমিকম্পের পূর্বাভাস নির্ভুলভাবে দেওয়ার প্রযুক্তি এখনো নেই। তাই প্রস্তুতি ও প্রশিক্ষণকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা।
পুরান ঢাকার সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হলেও কমান্ড ব্যবস্থা সচল রাখতে মিরপুরে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। দুজন পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে অফিস করার ব্যবস্থা হয়েছে। সদর দপ্তরের মিডিয়া উইংয়ের বড় অংশও মিরপুরে নেওয়া হয়েছে।
এদিকে জাইকার সহযোগিতায় মিরপুর-১০-এ নির্মাণ করা হচ্ছে নতুন ভূমিকম্প প্রতিরোধী বহুতল সদর দপ্তর। এতে ‘বেজ আইসোলেশন প্রযুক্তি’ ব্যবহার করা হচ্ছে। ২০২৮ সালে ভবনটির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।
ভূমিকম্পে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গত আগস্টে দেশব্যাপী কমিউনিকেশন এক্সারসাইজও চালানো হয়েছে। এতে মোবাইল, টেলিফোন ও বেতার যোগাযোগ অচল ধরে নিয়ে বিকল্প যোগাযোগব্যবস্থা সচল রাখার মহড়া দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। বড় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় যন্ত্রপাতি, নিয়মিত মহড়া এবং রক্ষণাবেক্ষণ জরুরি।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, বড় ভূমিকম্পে ভবনধস, মানুষ আটকে পড়া, গ্যাসলাইন ও বৈদ্যুতিক দুর্ঘটনা একসঙ্গে ঘটতে পারে। তাই দ্রুত পরিস্থিতি মূল্যায়ন, অগ্রাধিকারভিত্তিতে উদ্ধার এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ই হবে মূল চ্যালেঞ্জ।


মন্তব্য করুন