জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিতে ন্যাশনাল কনফারেন্সের (এনসি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি গেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সোমবার (২০ জুলাই) সকালে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ।
দলীয় এক মুখপাত্র জানান, দিল্লির পৃথ্বীরাজ রোডের ৫ নম্বর বাড়ির সামনে সকাল ১০টায় রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে কর্মসূচি শুরু হবে। সেখানে দলের নেতা, বিধায়ক ও আইনপ্রণেতারা উপস্থিত হয়ে একসঙ্গে বিক্ষোভে অংশ নেবেন।
এর আগে শনিবার বাবা ফারুক আবদুল্লাহর সঙ্গে দিল্লি গিয়েছিলেন ওমর আবদুল্লাহ। তবে জম্মু-কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে তিনি সফর সংক্ষিপ্ত করে রোববার জম্মু ফিরে আসেন। সেখানে তিনি উচ্চপর্যায়ের একটি বৈঠকে সভাপতিত্ব করেন।
জম্মু-কাশ্মীরজুড়ে ২৩ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। পরে সোমবার সকালে আবার দিল্লির উদ্দেশে রওনা হন তিনি।
