
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাসে সামান্য এগিয়ে রাখা হয়েছে ইংল্যান্ডকে। ১০ হাজারের বেশি সিমুলেশনের ভিত্তিতে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৮ দশমিক ১ শতাংশ।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত দ্বৈরথ। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সুবাদে ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতেও টাইব্রেকারে জয় পায় আলবিসেলেস্তেরা।
তবে ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহামের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে আগের পরাজয়ের প্রতিশোধ নেয় ইংল্যান্ড। সেটিই বিশ্বকাপে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই।
ইতিহাস, বর্তমান ফর্ম ও পরিসংখ্যান—সব মিলিয়ে জমজমাট এক সেমিফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।