ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বহুল প্রতীক্ষিত এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স ও আফ্রিকার প্রতিনিধিত্বকারী মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে।
সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, মুখোমুখি পরিসংখ্যান এবং আগের বিশ্বকাপের স্মৃতি ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
চলতি আসরে দিদিয়ের দেশমের অধীনে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ার পর শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। ওই ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
অন্যদিকে, আত্মবিশ্বাসী মরক্কোও শেষ আটে জায়গা করে নিয়েছে দাপটের সঙ্গে। গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডকে হারানোর পর শেষ ষোলোতে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আটলাস লায়ন্সরা। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে রক্ষণ ও পাল্টা আক্রমণে ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে মরক্কো।
অফিশিয়াল ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, দুই দল এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৯৮ সালের কিং হাসান-২ টুর্নামেন্টে নির্ধারিত সময় ২-২ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে জয় পেয়েছিল মরক্কো।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে। সেবার থিও হার্নান্দেজ ও র্যান্ডাল কোলো মুয়ানির গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই স্মৃতি সামনে রেখেই আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। ফলে ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে।