রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় জিপসামবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে খুলনা-ঢাকা রুটের নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেস নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা বিলম্বে চলাচল করে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার ভোর চারটার দিকে বসন্তপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসাম নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর যাচ্ছিল ট্রাকটি। পথে বসন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস রাজবাড়ীর পাচুরিয়া স্টেশনে আটকে ছিল। অন্যদিকে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেসও নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। পরে নকশিকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনাকবলিত ট্রাকের চালকের সহকারী মো. সোহেল জানান, চালক অসুস্থ বোধ করায় তিনি ট্রাক চালাচ্ছিলেন। একপর্যায়ে ঘুম চলে আসায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর ট্রাকটি সরানো সম্ভব হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।