কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক তরুণী ও নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েদ আবদুল্লাহ ওরফে সিয়াম (২২) লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। আটক নাইমা জাহানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। ঘটনার পর সিয়ামের বন্ধু আরিয়ান খান (মাহিদ)কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে নাইমা জাহান সিয়ামের ডাকে লক্ষ্মীপুরে আসেন। পরে ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সিয়াম ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটকের পর উপস্থিত সাংবাদিকদের কাছে নাইমা দাবি করেন, সিয়ামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং বিয়ে নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। তিনি আরও অভিযোগ করেন, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভের সন্তান নষ্ট করা হয় এবং পরে বিয়ের বিষয়ে সিয়াম অস্বীকৃতি জানান। তবে এসব দাবি পুলিশের তদন্তের বিষয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।