কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ারহাট এলাকায় দুধকুমার নদের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
সোমবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধে ধস সৃষ্টি হয়। পরে বাঁধের একটি অংশ ভেঙে পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সময়মতো বাঁধ মেরামত না করায় পরিস্থিতির অবনতি হয়েছে। ইতোমধ্যে মিয়াপাড়া, মালিয়ানী, সেনপাড়া, তেলিয়ানীপাড়া, পাটেশ্বরী, বোয়ালের ডারা, ধনিটারী, বড়মানীসহ আশপাশের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার নদের পানি বর্তমানে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের একটি নিচু অংশ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিও ব্যাগ ফেলে ভাঙনকবলিত স্থান রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জমি অধিগ্রহণ-সংক্রান্ত জটিলতার কারণে মুড়িয়ারহাট এলাকায় প্রায় ৩০০ মিটার অংশে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। ওই অংশ দিয়েই পানি প্রবেশ করছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন বলেন, বাঁধ ভাঙার খবর পাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
