

দেশে ডেঙ্গুতে চলতি জুন মাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগী ৫৬ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪৩ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৬৯২ জন।
প্রতিবেদনে দেখা গেছে, জুন মাসে ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই নারী। তাদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। চলতি বছরে মোট মৃত ১০ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ৪৬ জন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনায় ১৬ জন করে, চট্টগ্রামে ১৪ জন, ঢাকার বাইরে ১২ জন, রাজশাহীতে ৯ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রংপুরে একজন করে রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেড়ে যায়। তবে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি ও নগরায়ণের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর মৌসুমি ধরণে পরিবর্তন এসেছে এবং সংক্রমণ আগেই শুরু হচ্ছে।


