চট্টগ্রাম মিরসরাইয়ের গার্মেন্টস শ্রমিক ইসমত আরা জুঁইকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি এবং পাল্টা মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর থেকেই অভিযুক্ত পক্ষ অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। মামলা তুলে নিতে তারা ভুক্তভোগীর পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং পরিবারটিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অভিযুক্তের বোনকে বাদী করে আদালতে একটি সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা অভিযুক্তদের সরাসরি শেল্টার দিচ্ছেন। এই প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারটিকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে। ফলে বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সুষ্ঠু বিচার এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, “একজন নারী নির্যাতনের শিকার হওয়ার পর বিচার চাইতে গিয়ে যদি উল্টো হয়রানির শিকার হতে হয়, তবে তা বিচারব্যবস্থার জন্য লজ্জাজনক।”
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Development by: webnewsdesign.com