চট্টগ্রাম বন্দরে আসা এক আমদানিকারকের ৪০ লাখ টাকা মূল্যের ক্রোকারিজ পণ্য আত্মসাতের ঘটনায় এক প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আত্মসাৎকৃত পণ্যের বড় একটি অংশ উদ্ধারসহ জালিয়াতিতে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. নীরব চৌধুরী ওরফে সাকিব (৩৬) ও মো. সাখাওয়াত হোসেন (৩৪)।
পুলিশ জানায়, গত ৫ মে বন্দর থেকে ৯৪ কার্টন ক্রোকারিজ পণ্য খালাস করে আমদানিকারকের গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পান কাভার্ড ভ্যান চালক নীরব চৌধুরী। কিন্তু মালামাল নিয়ে আমদানিকারকের কাছে না গিয়ে তিনি ও তার সহযোগীরা পথিমধ্যেই সব পণ্য সরিয়ে ফেলেন এবং আত্মসাৎ করেন।
বন্দর নগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী আবদুর রহীম জানান, মালামাল চুরির ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে ডিবি। গতকাল মঙ্গলবার দিবাগত ভোররাতে নগরীর পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মূলহোতা নীরবকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে চুরি হওয়া ৫০ কার্টন ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়েছে। এছাড়া অপরাধের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫) ও একটি সাদা রঙের প্রাইভেটকার (চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫) জব্দ করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, এটি একটি সুপরিকল্পিত প্রতারক চক্র। তারা কৌশলে পণ্য পরিবহনের দায়িত্ব নিয়ে মাঝপথে মালামাল সরিয়ে ফেলে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com