​ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা

রাউজানে গোয়ালঘরের কয়েলের আগুনে পুড়ল ৬ ঘর, প্রাণ গেল ৭ গরুর

বুধবার, ১৩ মে ২০২৬ | ৪:৫৭ অপরাহ্ণ

রাউজানে গোয়ালঘরের কয়েলের আগুনে পুড়ল ৬ ঘর, প্রাণ গেল ৭ গরুর
apps

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা দুটি বড় গরুসহ মোট ৭টি গবাদিপশু। গত মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির একটি গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো বৈদ্যুতিক কয়েল বা জলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত থাকায় কিছু বুঝে ওঠার আগেই আগুন বসতঘরগুলোতে হানা দেয়।

​এই অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্য— আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহেরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৫টি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ধ্বংস হয়।

​সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক আবুল কালাম। আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে লালন-পালন করা তার দুটি বড় গরুসহ মোট ৭টি গরু আগুনে পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, সব মিলিয়ে আগুনে প্রায় ২৫ লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে।

​”কোরবানির হাটে বিক্রির জন্য গরুগুলো তিল তিল করে বড় করেছিলাম। আগুন সব কেড়ে নিয়েছে। পরনের লুঙ্গি আর গেঞ্জিটা ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি।”

— আর্তনাদ করে বলছিলেন ক্ষতিগ্রস্ত আবুল কালাম।

​রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রত্যন্ত এলাকা ও আগুনের তীব্রতা বেশি হওয়ায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই গবাদিপশু ও বসতঘরগুলো পুড়ে যায়।

​তিনি আরও জানান, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

Development by: webnewsdesign.com