চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়েবাড়ির একটি যাত্রীবাহী গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ডাকাতদলের কবলে পড়ে গাড়িটি। ডাকাতরা রামদা, কিরিচ ও ছুরির মুখে যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় তারা যাত্রীদের কাছ থেকে ৫টি স্মার্টফোন, মানিব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং বেশ কিছু মূল্যবান স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

​ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবহিত করেন। এর ১৫-২০ মিনিট পর অপর এক সহযাত্রী অন্য একটি গাড়ি চালিয়ে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে যান।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, “বিয়েবাড়ির গাড়িতে লুটের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের সাথে কথা বলি। জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

​সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

​এ ঘটনায় এলাকায় সাধারণ যাত্রী ও চালকদের মধ্যে সাময়িক আতঙ্ক বিরাজ করছে। পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।