টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ‘অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় নাগরপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
নাগরপুর খাদ্য গুদামের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু-এর সহধর্মিণী মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নাগরপুর উপজেলায় সরকারিভাবে ১,৬৯৭ মেট্রিক টন ধান এবং ৬৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com