সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় ২ দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে একটি দুষ্কৃতিকারী চক্র রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই দিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com