বিপুল পরিমাণ সিগারেটসহ যাত্রী আটক

শাহ আমানতে এনএসআই ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযান

রবিবার, ০৩ মে ২০২৬ | ২:৪১ অপরাহ্ণ

বিপুল পরিমাণ সিগারেটসহ যাত্রী আটক
apps

চট্টগ্রাম চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। শনিবার (২ মে) রাতে বিমানবন্দরের কাস্টমস হলে পরিচালিত পৃথক দুটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এনএসআইয়ের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিল যে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটে চোরাচালানকৃত পণ্য আসছে। এই তথ্যের ভিত্তিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমানবন্দরে বিশেষ নজরদারি শুরু করে। রাত ৯টা ৫০ মিনিটে মাস্কাট থেকে‘সালাম এয়ার’-এর একটি ফ্লাইট অবতরণের পর যাত্রী ও তাদের লাগেজে তল্লাশি জোরদার করা হয়।

​ রাত ১০টা ৪০ মিনিটের দিকে কাস্টমস হলের একটি যাত্রীবিহীন কনভেয়ার বেল্ট থেকে ১ হাজার ৬৫ কার্টুন মালিকবিহীন বিদেশি সিগারেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে আরও ২৮০ কার্টুন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট এবং একটি ল্যাপটপ পাওয়া যায়। আটক ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন, তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

​ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া মোট ১ হাজার ৩৪৫ কার্টুন বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৩০ হাজার টাকা। ল্যাপটপসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় ডিটেনশন মেমো (ডিএম)-এর মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

​শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাচালানচক্রের একটি বড় চালান জব্দ করা সম্ভব হয়েছে। বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের এই নজরদারি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Development by: webnewsdesign.com