চট্টগ্রামের হাটহাজারী থেকে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি প্রকাশ মনাকে (৩৫) বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি যৌথ দল।
গ্রেপ্তারকৃত ওসমান গণি প্রকাশ মনা জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যৌথ অভিযানের সময় সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়েছে। এছাড়া তার কাছে থাকা একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোন এবং নগদ ৫১ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মনা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অস্ত্র চোরাকারবারী চক্রের পলাতক অপর দুই সহযোগী হৃদয় (৩০) ও রাজুর (৩২) বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন (১৮৭৮)-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওই এলাকায় সন্ত্রাসী ও অস্ত্র চোরাকারবারী চক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ।
Development by: webnewsdesign.com