সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার জনমনে আতঙ্ক ছড়ানো শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে নলা কাসেম অবশেষে পুলিশের খাঁচায় বন্দী। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। এ সময় তার আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে অপরাধ জগতের নিয়ন্ত্রকদের মধ্যে অন্যতম ছিল এই নলা কাসেম। হত্যা, ধর্ষণ, ডাকাতি ও ভূমি দখল—এমন কোনো অপরাধ নেই যা তার হাতের নাগালের বাইরে ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার দাপটে জঙ্গল সলিমপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। এসব ঘটনায় তার নামে ১৫টি মামলা দায়ের করা হলেও এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
অভিযান পরিচালনাকারী সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা নলা কাসেমকে খুঁজছিলাম। সে জঙ্গল সলিমপুরের অপরাধ জগতের অন্যতম মূল হোতা। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছি।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পাশাপাশি পূর্বের মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Development by: webnewsdesign.com