চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহরিয়ার আহমেদ হৃদয় করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মিরসরাইয়ের কয়লা বাজার এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বিচার দাবিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনাও ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে কয়লা বাজার এলাকায় অবৈধভাবে আনা একটি গরুবাহী ট্রাক আটকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই সময় চাঁদা দাবিকে কেন্দ্র করে যুবদল নেতা সবুজ ও তার সহযোগীরা গরু ব্যবসায়ীদের ওপর চড়াও হন। এ ঘটনার জেরে পরে হৃদয় ও আনোয়ার হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
নিহতের বাবা আব্দুল আলিম শোকার্ত কণ্ঠে বলেন, ‘অবৈধ গরু ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের একজন মো. টিপু তার ওপর আনা হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার দিন তার ভাই সুমনের ওপর হামলা হয়েছিল, কিন্তু হৃদয়ের ওপর কারা হামলা করেছে সে বিষয়ে তিনি অবগত নন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘সংঘর্ষে আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Development by: webnewsdesign.com