চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সরকারি কোষাগারের অর্থ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে শুধুমাত্র জ্বালানি খাতেই চসিকের ব্যয় কমেছে ১৫ লাখ ৬৭ হাজার টাকার বেশি। সরকারি সুযোগ-সুবিধা পরিহার করে ব্যক্তিগত গাড়ি ও সম্পদ ব্যবহারের মাধ্যমেই এই বিশাল অঙ্কের সাশ্রয় সম্ভব হয়েছে।

​চসিকের প্রকৌশল যান্ত্রিক উপ-বিভাগের (দামপাড়া পুল শাখা) সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

​হিসাব অনুযায়ী, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী আগস্ট ২০২৩ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত এক বছরে মোট ২১ লাখ ৯ হাজার ৪০৮ টাকার জ্বালানি ব্যবহার করেছিলেন।

যার মধ্যে ছিল অফিস ও বাসার গাড়িতে ১২,৭৮৭ লিটার অকটেন, বাসার জেনারেটরে ৫,২০০ লিটার ডিজেল, বাসার কাজে ব্যবহৃত সিএনজিতে ১,৮২৫ ঘনমিটার গ্যাস।

​অন্যদিকে, বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত সময়ে শুধুমাত্র অফিসের কাজে সরকারি গাড়ি ব্যবহার করেছেন। এতে ব্যয় হয়েছে মাত্র ৫ লাখ ৪২ হাজার ৩৬৭ টাকা। উল্লেখ্য যে, তিনি বাসার জন্য কোনো সরকারি গাড়ি, জেনারেটর কিংবা সিএনজি অটোরিকশা ব্যবহার করেননি।

​এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি শুরু থেকেই অঙ্গীকার করেছিলাম সরকারি অর্থের অপচয় রোধ করব। আমি শুধুমাত্র সিটি কর্পোরেশনের দাপ্তরিক কাজে অফিসের গাড়ি ব্যবহার করি। আমার পারিবারিক ও ব্যক্তিগত যাবতীয় কাজে নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি। এর ফলে যদি কর্পোরেশনের ১৫ লাখ টাকা সাশ্রয় হয়, তবে সেটি নগরের উন্নয়ন কাজেই ব্যয় করা সম্ভব হবে।”

​প্রশাসনিক সংশ্লিষ্টরা মনে করছেন, মেয়রের এই মিতব্যয়িতা সরকারি কর্মকর্তাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। যেখানে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ থাকে, সেখানে ডা. শাহাদাতের এই পদক্ষেপ দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনার এক নতুন বার্তা দিচ্ছে।