চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আনুমানিক ১২ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন পূর্ব রায়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের পাশে কিশোরের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে বা ট্রেনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত কিশোরের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট, কালো গোল গলা গেঞ্জি এবং একটি কালো জ্যাকেট। বয়স কম হওয়ায় ওই কিশোরের কোনো জাতীয় পরিচয়পত্র (NID) নেই। ফলে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ব্যবহার করে পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ”আমরা মরদেহ উদ্ধার করেছি। কিশোরটির বয়স কম হওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় বের করা সম্ভব হচ্ছে না। তার পরিবারের সন্ধানে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।”
মরদেহটি বর্তমানে ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির পরিচয় জেনে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
