চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমি রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পাইন্দং ইউনিয়নে ঝটিকা অভিযান চালিয়ে দুই মাটি ব্যবসায়ীকে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জুগনিঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এমন খবরের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালায় প্রশাসন। এসময় মাটি কাটারত অবস্থায় হাতেনাতে আটক করা হয় মো. আলমগীর ও মুহাম্মদ হাবিবুল্লাহ নামে দুই ব্যক্তিকে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, আলমগীরকে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং হাবিবুল্লাহকে ১ লাখ ৫০ হাজার টাকা—সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কাজ করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে মাটি কাটবে, তাদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে।”
অভিযানকালে ফটিকছড়ি সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শাহানাজ পারভীনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
