আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য বাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

​বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

​স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নিরাপত্তা বহরের অংশ হিসেবে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য দেশের ৬১টি জেলায় সরাসরি নির্বাচনের দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে।”

​বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ করা যাবে না। যেকোনো অপতৎপরতা থেকে বিজিবি সদস্যদের দূরে থাকার নির্দেশ দিচ্ছি।”

​এ সময় তিনি নবীন সৈনিকদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উল্লেখ্য, এবারের ব্যাচে বিজিবির ইতিহাসে রেকর্ড সংখ্যক ৩ হাজার নবীন সদস্য শপথ গ্রহণ করেছেন।

​অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালকসহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিজিবির প্রশিক্ষিত সদস্যদের বর্ণাঢ্য ড্রিল ও ব্যান্ড ডিসপ্লে প্রদর্শিত হয়।