নির্বাচনী প্রচারণা শুরুর নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে ভোট প্রার্থনার অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ বুধবার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এই নোটিশ জারি করেন।

​আগামী ১৯ জানুয়ারি সকালে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে এই নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​নোটিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আসহাব উদ্দিন এই লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই লোহাগাড়ার বড়হাতিয়া ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি ‘বার্ষিক প্রীতিভোজ’ অনুষ্ঠানে জামায়াত প্রার্থীর উপস্থিতিতে বড়হাতিয়া জামায়াতের আমির মো. জসিম উদ্দিন প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। উক্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

​নির্বাচনি অনুসন্ধান কমিটি জানায়, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণামূলক কার্যক্রম চালানো ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

​”কেন নির্বাচন কমিশন বরাবর আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া চৌকি (যুগ্ম জেলা জজ) আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।”

​সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই কমিটির চেয়ারম্যানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া শোকজ নোটিশটি প্রার্থীর নিকট দ্রুত পৌঁছে দিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

​নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচনি অনুসন্ধান কমিটি।