আনোয়ারা চট্টগ্রামের আনোয়ারায় কান্দরিয়া খালের ওপর নির্মাণাধীন স্লুইস গেট প্রকল্পে ২৫ লাখ টাকা চাঁদা দাবি ও শ্রমিকদের ওপর হামলার অভিযোগে মো. সোহেল ওরফে ‘ট্যাটু সোহেল’ (২৮) নামের এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সোহেল স্থানীয় রবিউল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টিরও বেশি চাঞ্চল্যকর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কান্দরিয়া খালে সরকারের স্লুইস গেট নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই সোহেল ও তার সহযোগীরা বাধা দিয়ে আসছিল। তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ২৫ লাখ টাকা এবং একটি দামী মোটরসাইকেল চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে গত ৫ জানুয়ারি সোহেল তার বাহিনী নিয়ে নির্মাণস্থলে তাণ্ডব চালায়। তারা সেখানে থাকা নির্মাণসামগ্রী তছনছ করে এবং কর্মরত শ্রমিকদের বেধড়ক মারধর করে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এ ঘটনায় প্রকল্পের দায়িত্বে থাকা মো. শাহিন খান বাদী হয়ে সোহেল ও তার সহযোগী মো. হাছানসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সোহেল এলাকার তালিকাভুক্ত অপরাধী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, “উন্নয়নমূলক কাজে বাধা প্রদান ও চাঁদাবাজির বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
