দ্বৈত নাগরিকত্বের গ্যাঁড়াকলে পড়ে চট্টগ্রাম-৯ আসনে নির্বাচনী লড়াই থেকে আপাতত ছিটকে গেলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক। রিটার্নিং কর্মকর্তার পর নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হয়েছে।

​সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়।​শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কে এম ফজলুল হক তার ক্ষোভ প্রকাশ করেন।

তিনি একে ‘বৈষম্যমূলক সিদ্ধান্ত’ হিসেবে দাবি করে বলেন: ​”আমার প্রতি অন্যায় করা হয়েছে। একই অভিযোগে বিএনপির অনেক প্রার্থীর কাগজপত্র অসম্পূর্ণ থাকা সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ করা হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হলো। রিটার্নিং কর্মকর্তার মতো নির্বাচন কমিশনও একই পথ অনুসরণ করল।”

​ইসির এই সিদ্ধান্তে দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই জামায়াত নেতা। তিনি জানান, প্রার্থিতা ফিরে পেতে তিনি দ্রুতই উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। বর্তমানে আইনজীবীদের সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ করছেন তিনি।

​এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল করেছিলেন ফজলুল হক, যা আজ নামঞ্জুর হয়। চট্টগ্রাম-৯ আসনে ফজলুল হকের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা ছিল, তবে আজকের সিদ্ধান্তের পর ওই এলাকায় ভোটের সমীকরণ নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।