মিয়ানমারের রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি এবং বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে সীমান্ত এলাকা। দু’পক্ষের এই লড়াইয়ের আঁচ লেগেছে বাংলাদেশের অভ্যন্তরেও। রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে আরকান আর্মির ছোড়া গুলিতে হুজাইফা সুলতানা আফনান (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

​এদিকে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরসা ও এআরএ-সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ৫০ সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি ও পুলিশ।

রোববার সকালে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় নিজ বাড়ির সামনে খেলছিল হাজী মোহাম্মদ হোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা। এসময় সীমান্তের ওপার থেকে আরকান আর্মির ছোড়া একটি গুলি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

​আহত শিশুর পিতা জসিম উদ্দিন কান্নায় ভেঙে পড়ে বলেন, “সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মেয়েটি। হঠাৎ বেড়িবাঁধের ওপর থেকে আসা এলোপাতাড়ি গুলিতে ও মাটিতে লুটিয়ে পড়ে।”

সীমান্তের ওপারে নাফ নদীর বিলাইছড়ি ও হাসরদ্বীপ এলাকায় দিনভর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। দুই গোষ্ঠীর ড্রোন হামলা ও ভারি অস্ত্রের শব্দে কেপে ওঠে সীমান্ত জনপদ। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা কক্সবাজার–টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে সেনাবাহিনী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, অনুপ্রবেশের সময় আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির (আরসা) ৩ জন, রোহিঙ্গা ইসলামিক মাহাসের ১৮ জন, এবং আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) ২৯ সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ২ জন রোহিঙ্গা কাঁকড়া শিকারিকেও আটক করা হয়েছে।

​হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

​স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম বলেন, “শনিবার রাত থেকে শুরু হওয়া এই যুদ্ধে আমরা চরম অনিরাপদ বোধ করছি। আরসার সদস্যরা আরকান আর্মির তাড়া খেয়ে এপারে ঢোকার চেষ্টা করছে, আর ওপারের গুলি এসে আমাদের শিশুদের গায়ে লাগছে।”

​বর্তমানে সীমান্ত পরিস্থিতি সাময়িকভাবে শান্ত থাকলেও স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।