চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো জেলাজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার (১০ জানুয়ারি) রাত থেকে রোববার ভোর পর্যন্ত ফটিকছড়ি, বন্দর ও হাটহাজারীতে এই নৃশংস ঘটনাগুলো ঘটে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে একই রাতে এমন তিনটি লোমহর্ষক খুনের ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলায়। জানা গেছে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা জামাল উদ্দিন তার বন্ধু নাসিরকে নিয়ে একটি মেজবানের দাওয়াতে যাচ্ছিলেন। দিঘিরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত তার বন্ধু নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
বন্দরে কুপিয়ে হত্যা
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর পোর্ট কলোনি এলাকায় ঘটে দ্বিতীয় হত্যাকাণ্ড। সেখানে আজিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারীতে নৈশপ্রহরী খুন
সর্বশেষ ঘটনাটি ঘটে ভোররাত ৪টার দিকে হাটহাজারীর কলাবাগান এলাকায়। সেখানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করার সময় অজ্ঞাত ৩-৪ জন দুর্বৃত্তের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন মাহবুব আলম। হত্যার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রশাসনের নিশ্চুপ ভূমিকা ও জনমনে ভীতি
একই রাতে তিনটি পৃথক স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা নিয়ে সাধারণ মানুষ সন্দিহান। তবে এসব স্পর্শকাতর বিষয়ে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাই গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের ঘটনাতেই কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করার খবর পাওয়া যায়নি।
