চট্টগ্রামের বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিয়ার রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়ালগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে আজিয়ার রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা কিংবা অন্য কোনো বিরোধ রয়েছে কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
