চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শাহনগর এলাকায় অবস্থান করছিলেন জামাল ও নাসির। এ সময় তিনটি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে অতর্কিতে তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই প্রাণ হারান জামাল উদ্দিন।
আহত নাসির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, হতাহত দুজনই জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা আলামত হিসেবে সংগ্রহ করেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন,
”গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের রাজনৈতিক পরিচয় জামায়াত হিসেবে উল্লেখ করেছেন। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”
ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক কোন্দল নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
