রাঙ্গুনিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দুঃসাহসিক অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) রাতভর পরিচালিত এই অভিযানে অপহরণে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে শনিবার রাত পৌনে ৩টা পর্যন্ত উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ফকিরবাড়ির দিদার আলমের বাড়িতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অপহৃত রুবেল (৩০) নামে এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন টাস্কফোর্সের সদস্যরা।
অভিযানে ঘটনাস্থল থেকে আটককৃতরা হলো:
১. শাহেদ হাসান (৩৫): পোমরা আজিম নগরের মৃত দানু মেম্বারের ছেলে।
২. মো. আব্দুস সালাম (২২): গুনগুনিয়া বেতাগীর মো. মজু মিয়ার ছেলে।
৩. ওবায়দুল মুস্তফা সৌরভ (৩১): পোমরা হাইনি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে।
যৌথ বাহিনী জানায়, আটক ওবায়দুল মুস্তফা সৌরভ এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার মা রুবিনা আক্তার ওই এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। অভিযানে তাকে আটকের চেষ্টা চালানো হলেও তিনি কৌশলে পালিয়ে যান।
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ, অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
